ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার জিতেছে সিনেমাটি। অন্যদিকে ‘সাইয়ারা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আনীত পাড্ডা। সেরা অভিনেতার পুরস্কার উঠেছে রণবীর সিংয়ের হাতে। আইফার আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমে এবারের বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজ, ডিজিটাল সিনেমা ও কারিগরি বিভাগেও সাফল্য পেয়েছেন তারকারা। এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্রের পুরস্কারের পাশাপাশি ছবিটির জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন আদিত্য ধর। সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সঞ্জয় দত্ত। আর নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অক্ষয় খান্না। পরিচালনার পাশাপাশি মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনার জন্যও পুরস্কার পেয়েছেন আদিত্য ধর। এ ছাড়া সেরা সংগীত পরিচালক হয়েছেন শাশ্বত সচদেব। চিত্রগ্রহণে বিকাশ নওলাখা, সম্পাদনায় শিবকুমার ভি পানিকার এবং শব্দ পরিকল্পনায় বিশ্বদীপ চট্টোপাধ্যায় পেয়েছেন স্বীকৃতি। সব মিলিয়ে ১২টি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি। ‘ধুরন্ধর’-এর দাপটের মধ্যেও নিজের অবস্থান শক্ত করেছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনীত পাড্ডা। একই সিনেমার সুবাদে সেরা নবাগত অভিনেতার স্বীকৃতি পেয়েছেন আহান পান্ডে।
গানের বিভাগেও সাফল্য পেয়েছে ‘সাইয়ারা’। সেরা গীতিকারের পুরস্কার জিতেছেন ইরশাদ কামিল। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হয়েছেন ফাহিম আবদুল্লাহ এবং সেরা নারী প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল।
অন্যদিকে ‘আজাদ’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাশা থাদানি। ‘জলি এলএলবি ৩’-এর সুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি অর্জন করেছেন হুমা কুরেশি।চলচ্চিত্রের পাশাপাশি ডিজিটাল বিভাগেও ছিল জমজমাট প্রতিযোগিতা। আরিয়ান খানের পরিচালনায় অভিষেক হওয়া ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজটি জিতেছে চারটি পুরস্কার। সিরিজটির জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন আরিয়ান খান। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন রাঘব জুয়াল এবং সেরা অভিনেত্রী হয়েছেন অনন্যা সিং। সেরা টাইটেল ট্র্যাকের পুরস্কারও পেয়েছে সিরিজটি। ‘পাতাল লোক ২’ সিরিজের জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত। একই সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিলোত্তমা সোম। সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও গেছে সিরিজটির ঝুলিতে। তথ্যচিত্র বিভাগে সেরা নির্বাচিত হয়েছে ‘দ্য রোশানস’। আর সেরা বাস্তবভিত্তিক অনুষ্ঠান হয়েছে ‘দ্য ট্রেইটরস’। ডিজিটাল চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘বারামুল্লা’। সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও পেয়েছে সিনেমাটি। ‘স্টোলেন’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন করণ তেজপাল। একই ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মিসেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন সানিয়া মালহোত্রা। আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। কারিগরি বিভাগেও একাধিক পুরস্কার জিতেছে ‘ছাওয়া’। ছবিটির আবহসংগীতের জন্য স্বীকৃতি পেয়েছেন এ আর রহমান। সেরা সাউন্ড মিক্সিং বিভাগে পুরস্কার পেয়েছেন অলোক দে। আর সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার জিতেছে অ্যাসেমব্লেজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন